বানিজ্য মেলা চলাকালীন এক বন্ধু দিনে তিন বার ফোন দিয়ে বলত " বানিজ্য মেলায় যাই, ঘোরাঘুরি করি"
প্রতিবার পাশ কাটিয়ে, শেষে ওকে বলেছিলাম " দোস্ত, আমার তো বানিজ্য করার মত কিছু নাই,
তার চেয়ে বরং তুই ফেব্রুয়ারী মাসে বই মেলায় আয়, তোকে পুরো মেলা ঘোরাবো, টিএসসি তে অন্তত এক কাপ লেবু চা খাওয়াতে পারবো " ।
পরে আর সে ফোন দেই নাই...
বুন্ধ,
বই মেলায় ঘুরতে আসলে হয়তো তোকে, বানিজ্য মেলার মত চাকচিক্ক্য, দামী পণ্য, সুন্দর মেকআপ করা মানুষ দেখাতে পারবো না।
তবে দেখাতে পারবো কিছু জ্ঞান পিপাসু মানুষের মুখ, নতুন বইয়ের প্রতি তাদের তৃষিত চাহনি।
দেখাতে পারবো, মা-ছেলে মিলে হাস্যোজ্জল মুখে এক স্টল থেকে অন্য স্টলে ছুটে চলা, বই কেনা। স্টলের এক কোণে ঠাই মেরে দাঁড়িয়ে থাকা ছেলেটির মনের আনন্দে বইয়ের পাতা উল্টানোর মধুর দৃশ্য।
দেখাতে পারবো, সুদূর দিনাজপুর থেকে ৪১৪ কিমি পাড়ি দিয়ে বইয়ের টানে ছুটে আসা, পঞ্চাশঊর্ধ্ব দুহাত ভর্তি বই নিয়ে মেলার সব স্টল ঘুরে ফিরে বই কেনা।
আরও দেখাতে পারবো, ছোট ছোট বাচ্চাদের বই কেনা আর পড়ার প্রতি অকৃত্তিম ভালবাসা। ৮ বছরের বাচ্চাটির হাতে শোভা পাচ্ছে নতুন বই, এর থেকে পৃথিবীতে সুন্দর দৃশ্য আর কিবা হতে পারে
দেখবি হয়তো, স্কুল থেকে মেলায় ঘুরতে আসা তরুণী দল, বই কেনার পাশাপাশি চলছে সেলফি তোলা সমানতালে। বই দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়ায় সোহরাওয়ারদী উদ্যানের মেলার গাছ তলায়, ছেলে-মেয়েদের দল বেঁধে জিরিয়ে নেয়ার দৃশ্য, প্রাণ খোলা হাসি আড্ডার মুহূর্তগুলি।
তরুণ লেখকের পাঞ্জাবী আর গলায় চাদর ঝোলানোর দৃশ্য চোখ এড়াবে না।
প্রিয় লেখককে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে অটোগ্রাফ নিতে পেরে, কিশোরের চোখেমুখে রাজ্য জয়ের আনন্দ, এমন ছবি যে শুধু বই মেলায় দেখাতে পারবো বন্ধু...
সন্ধ্যা শেষে, দুই হাতে ভারী ভারী বইয়ের ব্যাগ, কাঁধ ব্যাগ ভর্তি করে,
বাবার হাত ধরে মেয়ের বাংলা একাডেমীর সামনে সুন্দর রাস্তাটি দিয়ে মনের আনন্দে বাড়ি পানে হেঁটে যাওয়ার দৃশ্য
এটি দেখতে যে তোকে বই মেলায় আসতেই হবে বন্ধু


No comments:
Post a Comment