Friday, October 13, 2017

নিভৃতে আলো জ্বালিয়ে চলেছে চিরিরবন্দরের আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

"নিভৃতে আলো জ্বালিয়ে চলেছে চিরিরবন্দরের আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ"



মাহাফুজুল ইসলাম আসাদ

উত্তরাঞ্চলের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমেনা বাকি রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ।প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত হলেও মাত্র ১৬ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি মানসম্মত ও কাঙ্খিত শিক্ষা বিস্তারে উত্তরাঞ্চলসহ সারা দেশে সাড়া জাগিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ।

দিনাজপুর-পার্বতীপুর সড়ক দিয়ে ১৪ কিলোমিটার গেলে পাওয়া যাবে চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী মোড়। রাস্তার দক্ষিণ পাশে চোখে পড়বে পাকা প্রাচীর ঘেরা আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ক্যাম্পাস। স্কুলে টুকতেই দেখা যায় প্রধান ফটক সংলগ্ন চারতলা বিশিষ্ট মেয়েদের হোস্টেল। নিচে আমেনা-বাকী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়।

২০০১ সালের ৫ জুলাই স্কুলটি আনুষ্ঠানিভাবে ডা: আমজাদ হোসেনের ক্রয় করা এক একর জমির উপরে যাত্রা শুরু করে । প্রথমে চালু হয় নার্সারি থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত । পরের বছর ষষ্ঠ শ্রেণী এবং ২০০৪ সালে অষ্টম শ্রেণী চালু করা হয় । ২০০৯ সালে চালু হয় এসএসসি। ঐ বছর থেকে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর জেলায় প্রথম ও দিনাজপুর বোর্ডে টানা তিনবার এসএসসি ফলাফলে শ্রেষ্ট তৃতীয় স্থান দখল করে।


স্কুলটি ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় ৭৯ জন অংশগ্রহণ করে এবং সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় । ২০১৫ সালে ৮৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ পরীক্ষার্থী, ২০১৬ সালে ১০৯ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন, আর এ বছর ১৩২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন । ২০১৪ সালে এই স্কুলটিতে একাদশ শ্রেনী খোলা হয় । নামকরণ করা হয় আমেনা বাকি স্কুল এন্ড কলেজ । ২০১৬ সালে এখান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৫২ জন । এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন । চলতি বছর ৩৭ জনের মধ্যে ৩২ শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ।

বর্তমানে স্কুলের জমির পরিমাণ আট একর। প্লে থেকে শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৭ জন। ১৮ জন নারীসহ শিক্ষক সংখ্যা ৭৬ জন। প্রতিষ্ঠানটিতে আবাসিক সুযোগ দিতে ছাত্রীদের জন্য ৩ টি ছাত্রদের জন্য ১ টি হোস্টেল নির্মাণ করা হয় । বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৪৫ জন ছাত্র ও ৪২০ জন ছাত্রী আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করছে। ছাত্রীদের জন্য চারজন নারী শিক্ষক ছাড়াও একজন আয়া সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ছাত্রদের তদারকির জন্য রয়েছে ১৫ জন শিক্ষক। স্কুলের ভিতরে পড়ালেখা থেকে শুরু করে থাকা খাওয়া, খেলাধূলার সবকিছুই নিয়ম অনুযায়ি হয়। নিয়ম ভঙ্গ করার কোনো সুযোগ নেই। শিক্ষক, শিক্ষার্থী, আয়া, কুক, দারোয়ান কারোরই নিয়মের বাইরে যাওয়ার উপায় নেই।’ জানালেন আবাসিক হোস্টেলে থাকা নবম শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তার।


স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান স্কুলের মূলফটক থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীদের আবাসিক এলাকাসহ পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখালেন। ছায়াঘেরা ক্যাম্পাসের সামনে দুই সারি গাছের মাঝখান দিয়ে ছোট পথ দিয়ে হাটা শুরু করে পাশেই প্রশস্ত মাঠে রয়েছে শিশুদের বিনোদনের জন্য দোলনা, স্প্রি-পার, ঢেঁকি ছাড়াও সুন্দর বসার স্থান। তার পরেই পশ্চিমে রয়েছে দৃষ্টিনন্দন বড় ক্যাম্পাস। রয়েছে গাছের ছায়ার নিচে ইটের দেয়াল ঘেরা টিনের ছাউনি দিয়ে পাঁচটি বড় ভবন। ক্যাম্পাসের দক্ষিণ দিকে বড় ফুটবল মাঠ। মাঠের পশ্চিমে লিচুবাগান । তার সাথে আরও দুটি খেলার মাঠ। মাঠের পূর্ব দিকে ছয় তলাবিশিষ্ট ছেলেদের আবাসিক হোস্টেল।


দক্ষিণ প্রান্তে শিক্ষকদের আবাস। পূর্ব দিকের ভবনে স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের বসার কক্ষ ছাড়াও আছে প্রশিক্ষণ কক্ষ, কম্পিউটার ল্যাব এবং দক্ষিণে বিজ্ঞানাগার, গ্রন্থাগার এবং স্কুল মিলনায়তন। এর পাশেই ছেলে ও মেয়েদের পৃথক খাবারের ঘর। তার পাশেই আটটি এবং উত্তর দিকের ভবনে পাঁচটি শ্রেণীকক্ষ ছাড়াও শিশুদের জন্য রয়েছে একটি বিনোদনকক্ষ। এছাড়াও ধর্ম পালনের জন্য হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক নামাজ পড়ার স্থান।


স্কুলের নিয়মাবলীতে বেষ্টিত থাকে সকল আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী । ভোর পৌনে পাঁচটায় আবাসিক শিক্ষার্থীদের ঘুম থেকে ওঠা বাধ্যতামূলক। এরপর নামাজ, প্রার্থনা ও শারীরিক ব্যায়াম শেষে সকালের নাশতা পায়েস, নুডলস, চিড়ার বিরিয়ানি, চা-টোস্ট, সেমাই মুড়ি রুটি-দুধসহ নানা খাবার। নাশতা শেষে শ্রেণীকক্ষে লেখাপড়া শেষে সকাল আটটায় ফিরতে হয় হোস্টেলে। পুনরায় ডাইনিংয়ে ভাত খাওয়া। সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুলে কোচিং ক্লাস। ক্লাস শেষে হোস্টেলে ফিরে আবার পৌনে ১১টায় অ্যাসেম্বলিতে যোগ দেওয়া। বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত ক্লাস। দুইটার মধ্যে খেয়ে নিতে হয় দুপুরের খাবার। বিকেল চারটায় স্কুল ছুটির পর শিক্ষার্থীরা কেউ মাঠে খেলে, কেউ কম্পিউটার ল্যাবে, কেউবা নাচ-গান, আবৃত্তিতে অংশ নেয়। সন্ধায় পড়াশুনা শেষে রাত সাড়ে ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের ঘুমাতে যাওয়া বাধ্যতামূলক।


এই স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি ফি ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বেতন সাড়ে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে। হোস্টেলে থাকার জন্য রয়েছে আলাদা খরচ।
শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো করছে না । সহশিক্ষা কার্যক্রমেও আছে এখানকার শিক্ষার্থীদের কৃতিত্ব । প্রতি বছর বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয় এখানকার শিক্ষার্থীরা । ২০১৬ সালে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় দৈনন্দিন বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মোকলেছুর রহমান দেশ সেরা নির্বাচিত হয় ।

ডা: আমজাদ হোসেন তার মা আমেনা খাতুন ও বাবা প্রয়াত বাকী মন্ডলের নাম অনুসারে প্রতিষ্ঠা করেন ‘এ বি ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের উদ্যোগেই তিনি প্রতিষ্ঠা করেন আমেনা বাকি রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । ডা: আমজাদ হোসেন ১৯৭১ সালে দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশায় তিনি একজন অর্থোপেডিক সার্জন ।

দেশের ভবিষ্যত নাগরিকদের সুশিক্ষায় শিক্ষিত করতেই তিনি পিতা-মাতার নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন । তার সেই স্বপ্ন বাস্তবে রুপ নেওয়ায় তিনি এখন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন ।

Thursday, September 14, 2017

"২০১৯ নির্বাচন" কে ধরবেন চিরিরবন্দর - খানসামার হাল?



১৪ সেপ্টেম্বর, ২০১৭


আ. লীগ-বিএনপির পুরনোরাই মনোনয়ন দৌড়ে এগিয়ে

উত্তর জনপদের সীমান্তঘেঁষা উপজেলা চিরিরবন্দর-খানসামা নিয়ে দিনাজপুর-৪ আসন। আগামী সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। কারণ যাঁরা মনোনয়ন পাওয়ার আশা করছেন এলাকায় তাঁদের যাতায়াত বেড়েছে। তৃণমূল নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ছবি দিয়ে পোস্টার ও ব্যানার করে এলাকায় এলাকায় লাগানো, জ্যেষ্ঠ নেতাদের আনুকূল্য লাভের চেষ্টা—সম্ভাব্য প্রার্থীদের এসব তত্পরতা চোখে পড়ছে।
জাতীয় সংসদের ৯ নম্বর আসনটিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাঁর বাড়ি খানসামায়। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারি বা জাতীয় অনুষ্ঠানে এলাকায় আসেন। ব্যস্ততার কারণে তাঁর এলাকায় যাতায়াত কম বলে দলে এ নিয়ে আলোচনা-সমালোচনা আছে। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আছেন সংসদে আওয়ামী লীগের সাবেক হুইপ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানু। তাঁরা ছাড়াও আছেন নতুন মুখ চিকিত্সক আমজাদ হোসেন।
অন্যদিকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও হাফিজুর রহমান হাফিজ আছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকার শীর্ষে। বিএনপি জোটের মনোনয়নের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন জামায়াত নেতা মো. আফতাব উদ্দিন মোল্লা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা আশরাফ আলী খান।
অবশ্য জাতীয় পার্টির কারো নাম এখনো আলোচনায় আসেনি।
উল্লেখ্য, চিরিরবন্দর ও খানসামা উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ এলাকাই একসময় জামায়াত-বিএনপির দুর্গ ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে রংপুরের মিঠাপুকুর উপজেলার পরেই জামায়াতের ঘাঁটি ছিল চিরিরবন্দর-খানসামা। জামায়াত-শিবির চিরিরবন্দর-খানসামাকে সন্ত্রাস আর তাণ্ডবের রাজত্বে পরিণত করেছিল। ওই সময় পুলিশের গুলিতে জামায়াতের এক নেতার মৃত্যুর ঘটনাও ঘটে চিরিরবন্দরে। ২০১৫ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চিরিরবন্দরে জামায়াতের আমির মো. আফতাব উদ্দিন মোল্লা বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আবার মনোনয়ন প্রত্যাশা করছেন। তাঁর পক্ষে নেতাকর্মীরা নিয়মিত দলীয় কর্মসূচি ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এলাকায় ব্যাপক উন্নয়ন করায় সাধারণ জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা তাঁর প্রতি বেশ দুর্বল। তিনি মনোনয়ন পেলে দল আবার জিতবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কয়েকজন।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম লায়ন চৌধুরীসহ নেতাকর্মীরা নিজ নিজ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে কাজ শুরু করেছে।
অন্যদিকে সাবেক হুইপ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানু নির্বাচন করার আশায় মাঠে আছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিতর্কের জন্ম দেন এ নেতা। ওই নির্বাচনে মাত্র সাড়ে চার হাজার ভোট পান তিনি। জয়লাভ করেন নৌকা প্রতীকের আবুল হাসান মাহমুদ আলী। সংস্কারপন্থী হিসেবে সে সময় দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে নেতাকর্মীরা মানুর প্রতি ক্ষুব্ধ ছিল। তবে এসব প্রতিকূলতা কাটিয়ে উঠে তিনি মনোনয়ন পাওয়ার দৌড়ে শামিল হয়েছেন।
জানতে চাইলে মিজানুর রহমান মানু কালের কণ্ঠকে বলেন, ‘বর্তমান এমপি তো এলাকায় যান না। তিনি কোনো নেতাকর্মীকেও তেমনভাবে চেনেন না। চিরিরবন্দর-খানসামার মানুষের হূদয়ে আমার নাম আছে। আগামী নির্বাচনে নৌকার মাঝি বদল না করলে বিজয় সম্ভব নয়। কারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। যতটুকু পারি সাহায্য-সহযোগিতা করি। তাই আগামী দিনে নৌকার মাঝি হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। ’
চিরিরবন্দরে নামি শিক্ষাপ্রতিষ্ঠান আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনও আওয়ামী লীগের মনোনয়ন পেতে তদবির শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন তিনি।
মনোনয়ন চাওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. এম আমজাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি-আদর্শ বুকে লালন করি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলাম। এত দিন এলাকার মানুষ প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করছিল। তাদের প্রত্যাশা পূরণের জন্য প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইব। যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাই তাহলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেষ্টা থাকবে সবার আগে। বিগত দিনে এখানে যারাই ক্ষমতায় ছিল তারাই আমাকে হেয় করার চেষ্টা করেছে। এখন সাধারণ মানুষের দাবি, আমি প্রার্থী হলে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হব। এ কারণে জনগণের সঙ্গে আছি। ’ মনোনয়ন না পেলেও তাদের সঙ্গে থাকবেন বলে জানান তিনি।
অন্যদিকে ২০০১ সালে নির্বাচিত বিএনপি-জামায়াত জোটের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া আছেন দলটির সম্ভাব্য প্রার্থীর তালিকায়। বিএনপির এ নেতাও ২০০৬ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করেন। দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গ না ছেড়ে তাঁকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় ২০০৮ সালে দল তাঁকে পুনরায় মনোনয়ন দেয়।
আবারও মনোনয়ন পাওয়ার আশায় আখতারুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় মতবিনিময় করে যাচ্ছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন সভা-সমাবেশ করছেন তিনি।
আখতারুজ্জামান মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘দল বিবেচনা করলে প্রার্থী হব। এখন দলের নীতিনির্ধারকরা যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে কী করার আছে। তবে আশা করছি আমি মনোনয়ন পাব। ’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দলন-নিপীড়ন সহ্য করে সাধারণ নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি। তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে তাদের পাশে থাকি। এখন হঠাত্ করে অন্য কেউ এসে যদি মনোনয়ন প্রত্যাশা করে তাহলে তা হবে দলের জন্য ক্ষতি। কারণ অনেকেই আছে লোক নিয়োগ করে নিজেদের পক্ষে প্রচার চালাবে। দল ও মানুষের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নেই। ’
শিল্পপতি মো. হাফিজুর রহমান ২০০৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। আগামী নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
এদিকে জামায়াত প্রকাশ্যে রাজনীতিতে নামতে না পারলেও তাদের প্রথম সারির কয়েকজন নেতা জানান, জোটের কাছে তাদের গ্রহণযোগ্যতা মোটেও কমেনি। বরং বেড়েছে। চিরিরবন্দরে ভোটের বৈতরণী পার হতে হলে তাদেরকে প্রয়োজন আছে বিএনপির। ২০১৪ সালের আগে-পরে হামলা-মামলার ধকল তাদের ওপর দিয়ে গেছে। এ জন্য চিরিরবন্দর উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান জামায়াতের সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা প্রার্থী হিসেবে গোপনে প্রচার চালাচ্ছেন।
আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘জামায়াতের রাজনীতির সঙ্গে থাকলেও আমি একজন বীরমুক্তিযোদ্ধা। এখন দেশ-জাতির প্রয়োজনে কেন্দ্রীয় ২০ দলীয় জোটের সিদ্ধান্ত হলে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। ’ তবে একটি বিশ্বস্ত সূত্র জানায়, প্রতীক বড় নয়। কর্মী-সমর্থকদের ধরে রাখতে যেকোনো প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকতে প্রস্তুত আছে জামায়াত।
এ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাগপার কেন্দ্রীয় নেতা মো. আশরাফ আলী খান মনোনয়ন পাবেন বলে আশায় আছেন। তিনি জাগপার একক সম্ভাব্য প্রার্থী এবং আগামী সংসদ নির্বাচনের নতুন মুখ হিসেবে জনসমর্থন তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। এলাকায় এলাকায় গণসংযোগও করছেন তিনি।


মন্তব্য