Wednesday, September 15, 2021

চিরিরবন্দরে স্বাধীনতা পদক প্রাপ্ত ডা. এম আমজাদকে ছাত্র সংবর্ধনা প্রদান

 স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) এবং চিরি নদীর বাতিঘর-পাঠাগার এর আয়োজনে ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে "সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২১"। 


অনুষ্ঠানটি মোট তিনটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে অংশ নেয় আমন্ত্রিত অতিথিসহ স্যাক ও বাতিঘরের উপদেষ্টা-সদস্যমন্ডলীরা। আলোচনায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন তার শৈশব থেকে বেড়ে ওঠার গল্প শোনান এবং তার সংগ্রামী জীবনের কিছু অর্জন ডকুমেন্টারি আকারে উপস্থাপন করেন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে উজ্জীবিত করেন। 


বাতিঘরের অবৈতনিক গ্রন্থাগারিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ মোকছেদ আলী তার বক্তব্যে বাতিঘরে সদস্য নিবন্ধন, বই গ্রহণ ও প্রদান করার অভিজ্ঞতা তুলে ধরেন। 


অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন স্যাকের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হামিদুল হক, অধ্যক্ষ জালাল উদ্দীন মজুমদার, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন সরকার, অধ্যক্ষ মিজানুর রহমান, মতিউর রহমান অপু, অভিজিত অধিকারী অনিক, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম প্রমূখ। 


২য় পর্বে সংবর্ধনা দেয়া হয় চিরিরবন্দরের কৃতি ব্যক্তিত্ব অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনকে। যিনি এবছর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক "স্বাধীনতা পদক (সমাজসেবা/জনসেবা)-২০২১" প্রাপ্ত হয়েছেন। তার এই প্রাপ্তিতে চিরিরবন্দরের ছাত্রসমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বাতিঘরের অবৈতনিক গ্রন্থাগারিক আলহাজ্ব মো. মোকছেদ আলীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বাতিঘরের ৭ জন সিনিয়র উপদেষ্টাকে প্রদান করা হয় আজীবন সম্মানিত সদস্য পদ।  


অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিজয়ীরা গত মার্চ মাসে চিরি নদীর বাতিঘর আয়োজিত ৫০ বছরের বাংলাদেশকে জানি শীর্ষক "উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা" এবং গত রমজান মাসে স্যাকের আয়োজনে "হামদ্ নাত ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা" তে অংশগ্রহণ করেছিল। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরি নদীর বাতিঘর এর সভাপতি হাবিবুর রহমান লাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিরি নদীর বাতিঘরের সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান।