Friday, February 15, 2019

চিরিরবন্দরের স্যাক ভালবাসার ফেরীওয়ালারা ভালবাসার উপঢৌকন নিয়ে শিশুদের মাঝে

 স্যাক ভালবাসার ফেরীওয়ালারা ভালবাসার উপঢৌকন নিয়ে শিশুদের মাঝে 

উপহার পেতে কার না ইচ্ছে করে! আর তা যদি কোন বিশেষ দিনকে ঘিরে তবে তো মুখের হাসিটা চওড়া হবেই। সেই হাসি যদি শিশুদের মুখে হয় তবে আপনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না। ঠিক তাই,
শিশুদের মুখে হাসি ফোঁটাতে স্যাক ভালোবাসার ফেরীওয়ালা (রোকন ভাই, মোস্তাকিম, রনি, সাখাওয়াত) হাজির হয়েছিল আজ বিশ্ব ভালবাসা দিবস। আমরা তোমাদের মাধ্যমে পুরো বিশ্বে ভালবাসা ছড়িয়ে দিতে এসেছি। তোমাদের ভালবাসা পেতে এসেছি”।
চিরিরবন্দরের আন্ধারমুহা গ্রামের গাক পরিচালিত স্কুলে। ভালবাসা ছড়িয়ে দিতে নতুন জামা, লাল গোলাপ, চকলেট, বিস্কুট নিয়ে তারা যখন জানালো “ তোমরা জানো,
আচমকা কিছু ভালবাসার আগুন্তুকদের আগমণে শিশুদের আনন্দ ছিল দেখার মত। উচ্ছ্বাস ছিল ২৮ টি শিশুর মুখে। 
ব্যতিক্রমী সব ভালো কাজ আর সকলের ভালবাসায় স্যাক পরিবারের সুখ থাকুক অটুট সুমধুর। 

পরিবারের সকলের জন্য অনেক অনেক ভালবাসা 

Sunday, February 10, 2019

ভালবাসা দিবসে চিরিরবন্দরে ভালবাসার উপহার


ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙাতে কতোই না আয়োজন, যার মূল অনুষঙ্গ রঙ-বেরঙের ফুল। এর নাম শুনলেই যেনো আনন্দে নেচে ওঠে মন, নির্মল হয়ে যায় হৃদয়। পৃথিবীর সবচেয়ে বড় উপহারও যেনো এটি। নানা রঙের ফুলের আবির আর মোহ মোহ গন্ধ কেড়ে নেয় বিষাদ। ভালোবাসার প্লাবনে ভাসিয়ে দেয় মন।

সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসা বহি:প্রকাশের বড় মাধ্যম ফুল। বিশেষ তিনটি দিবস। যার পরতে পরতে স্থান পাবে ফুলের বিস্তার। বসন্ত আর ভালোবাসার আকুতিতে যেমন ছড়াবে সৌরভ, তেমনি ভাষা দিবসে শ্রদ্ধার অশ্রুকে ঢেকে দেবে ফুল। আর দিবসগুলোর মূল অনুষঙ্গ ফুল নিয়ে ব্যস্ততার যেনো শেষ নেয় ফুল বিক্রেতাদের।
ফুলের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যস্ততায় কথা বলার জো নেই বিক্রেতাদের। থরে থরে সাজানো হয়েছে ফুল।দেখেই চোখ জুড়িয়ে যায়। পাইকার আর ফুল চাষীদের সঙ্গে অর্ডার নিয়ে ব্যস্ত তারা। ফুল দরকার ফুল। উজ্জল রঙের তাজা ফুল। ক্রেতাদের মন রাঙাতে ফুলের বাইরে নানা আকার ও রঙের ঝুড়ি, সোলা, র‌্যাপিং কাগজ, সিরামিক বাটি, পাতা সংরক্ষণ করে রাখছেন তারা।
বসন্ত আর ভালোবাসা দিবসকে ঘিরে ফুলের চাহিদা বিবেচনা করে বেশি সংগ্রহ ও অর্ডার দিয়ে রেখেছেন বিক্রেতারা। আর ভাষা দিবস মাথায় রেখে আগাম চাহিদার কথা পাইকার ও চাষীদের বলে রেখেছেন দোকানিরা। এমনটাই জানালেন ফুল ব্যবসায়ীরা। তবে দিবসগুলোকে ঘিরে ফুলের দাম বাড়তিতে কেনেন বিক্রেতারা। তাই বিক্রিও করেন বেশি দামে।


দিবসগুলোকে ঘিরে অন্য দিনের তুলনায় ৫ গুণ বেশি কেনাবেচা হবে বলে আশা করছেন আরেক বিক্রেতা।
পাইকারি বাজারের পাশাপাশি খুচরা দোকানগুলোতেও চলছে বেচাকেনা, অর্ডারের কাজ ও ফুলের তোড়া বিক্রির প্রস্তুতি।
বসন্তে মেয়েরা ফুলের রিং মাথায় পরে ঘুরে বেড়ায়। তাই দোকানগুলোতে কয়েক প্রকার ফুলের রিং তৈরি হচ্ছে। দোকানগুলোতে মালাও তৈরি করতে দেখা গেছে। মূলত অনেকে গয়না হিসেবে ফুলকে বেছে নেয়। কানে দুল, গলায় মালা, মাথায় প্রিন্সেস ব্যান্ড বা হাতে মালা পেঁচিয়ে নেয় তারা। চুলের একপাশে ক্লিপ দিয়ে তাজা ফুলও গুঁজে।

চিরিরবন্দর ফুল ব্যবসায়ী নুরুফা বেগম বলেন, ফুলের ব্যবসা সাধারণত সপ্তাহের স্কুল কলেজ চলাকালিন দিন গুলোতে বেশি বিক্রি হলেও কোন দিবস বা ঈদ পূর্জায়ও বিক্রি মোটামুটি ভালো হয় আমাদের দোকানে। তবে বিশেষ দিবস ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, নববর্ষে বেশি বিক্রি হয়। ওই দিনগুলোতে বেশি বিক্রি হলেও ভালোবাসা ও বসন্ত দিবসে এ ব্যবসায় লাভ অধিক।
ভালোবাসা দিবসে বেশি বিক্রি হয় গোলাপ ফুল। সারাদেশে কয়েক প্রকার গোলাপ থাকলেও লিংকন গোলাপের চাহিদা বেশি। বিশেষ দিনের জন্য আমরা সাধারণত হাইব্রিড গোলাপ ব্যবহার করে থাকি। গোলাপের দামও চড়া থাকে। সাধারণ দিনে একটি গোলাপ ৫ টাকায় বিক্রি হলেও পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে তা হয় ২০ টাকা থেকে ৩শ’ টাকা পর্যন্ত। বসন্তে চাহিদা থাকে গাঁদা ফুলের। মালা, মাথার রিং ও ফুলের গহনার চাহিদা থাকে বসন্তে। ভাষা আন্দোলনের জন্য ফুলের ডালা তৈরিতে ফুলের বেশ চাহিদা বাড়ে। আর দিনটিকে কেন্দ্র করে ফুলের চাহিদা পূরণে আগে থেকে চাষীদের অর্ডার দিয়ে দেন ব্যবসায়ীরা।


লেখা ও ছবিঃ আল আমিন। 

Saturday, February 9, 2019

‘মানুষ তার স্বপ্নের সমান বড়’

‘মানুষ তার স্বপ্নের সমান বড়’
আমাদের কালের বাতিঘর আবদুল্লাহ আবু সায়ীদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০ বছর পূর্তিতে তাঁর মুখোমুখি হয়ে জানা গেল তাঁর স্বপ্ন ও বাস্তবতার গল্প। ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’—কথাটিকে বাস্তবে পরিণত করেছেন তিনি, আবদুল্লাহ আবু সায়ীদ। একদা তাঁর হাতে গড়ে উঠেছিল ছোট্ট যে পাঠচক্র, দিনে দিনে সেটিই হয়ে উঠেছে আজকের বিশ্বসাহিত্য কেন্দ্র। এ প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তিতে তিনি শুনিয়েছেন কোন স্বপ্নে বিভোর হয়ে একসময় শুরু করেছিলেন এই কার্যক্রম। জানিয়েছেন তাঁর অনুপস্থিতিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভবিষ্যৎ সম্পর্কেও। সাক্ষাৎকার নিয়েছেন আলতাফ শাহনেওয়াজ
আলতাফ শাহনেওয়াজ: গত বছরের ১৭ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০ বছর পূর্ণ হয়েছে। আর আজ আপনারা পালন করছেন ৪০ বছর পূর্তি উৎসব। পেছন ফিরে তাকালে এই দীর্ঘ যাত্রাকে কেমন মনে হয়?
#আবদুল্লাহ_আবু_সায়ীদ: পেছনে তাকালে একটা দীর্ঘ সময়ের পেরিয়ে আসা দেখতে পাই। বিশ্বসাহিত্য কেন্দ্র নিয়ে শুরুতে আমার তেমন কোনো সাংগঠনিক ভাবনা ছিল না। শুরুতে মনেই হয়নি যে এটা একদিন একটি প্রতিষ্ঠান হবে—এত মানুষ উৎকর্ষ–পিপাসা নিয়ে এখানে আসতে চাইবে। সাধারণ আর দশটা পাঠচক্রের ধাঁচে আমি এটা শুরু করেছিলাম। ১৯৭৮ সালে। তবে আমার একটা ব্যক্তিগত সমস্যা আছে, কোনো কিছুই ছোট পরিসরে আমি চিন্তা করতে পারি না। তাই পাঠচক্রটির সাফল্যের পর মনে হতে লাগল পাঠচক্রটি ছড়িয়ে পড়ুক সারা দেশে। সেই সময় আমাদের জাতির মধ্যে অজ্ঞতার যে দুঃখময় চিত্র দেখেছিলাম, সেখান থেকেই শুরু হয়েছিল এ স্বপ্ন। তখন মনে হয়েছিল, আমাদের জাতির ভেতর জ্ঞান চাই, আলো চাই। গোটা পৃথিবীর উন্নত সভ্যতার সমতালে আমাদেরও একই রকম মননের বিকাশ চাই। বড় দৃষ্টিভঙ্গিসম্পন্ন উদার মানবিক ও কার্যকর মানুষ চাই, যারা অর্থপূর্ণ নেতৃত্ব দিয়ে এ জাতিকে সম্পন্নতার দিকে এগিয়ে নিতে পারবে।
প্রথমে মাত্র ১০ জন সভ্য নিয়ে শুরু হয় এর পথচলা। পরে এই সংখ্যা ২৫–এ ওঠে। তারা সবাই তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র। আমার এই কাজের পুরোটাই ছিল পরীক্ষামূলক। আমি নিশ্চিতভাবে জানতে চাচ্ছিলাম, বই মানুষকে বড় করে বলে যে কথাটা মানবসমাজে চালু আছে, তা আসলে কতটা সত্য। এই ব্যাচে পাঠচক্রের সভ্য ছিল মিজারুল কায়েস, শাহ আলম সারওয়ার, লিয়াকত আলী, মিজান, বাতেন, এনামুল হক চৌধুরী বা জাকারিয়ার মতো অন্তত ২০ জন মেধাবী ও উদ্যমী ছাত্রছাত্রী। পরবর্তী সময়ে তাদের অধিকাংশই জীবনে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ও খ্যাতিমান হয়েছে। পাঠচক্রটি চলেছিল চার-পাঁচ বছর। সভ্যদের প্রায় সবার মধ্যে তখন যে অবিশ্বাস্য বিকাশ লক্ষ করেছিলাম, তা আমাকে প্রচণ্ডভাবে আশান্বিত করেছিল। মনে হয়েছিল বই জিনিসটা যখন মানুষকে স্বপ্নে, মূল্যবোধে, দৃষ্টিভঙ্গিতে এতখানি আলোকিত করে তুলতে পারে, তখন সারা দেশের সবখানে কেন এমন হাজার হাজার পাঠচক্র গড়ে তুলছি না; কেন দেশের কিশোর বা তরুণ ছেলেমেয়েদের পৃথিবীর সেরা আর কালজয়ী বইগুলো পড়িয়ে তাদের উচ্চায়ত মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছি না?
মানুষের কিশোর বয়সের ওপর আমি সব সময়ই বেশি জোর দিই। এই বয়সে মানুষ থাকে সবচেয়ে অনুভূতিতে ভরা। সারা পৃথিবীকে নিজের ভেতর শোষণ করার ক্ষমতা এই সময়ে থাকে সবচেয়ে বেশি। তাই ৪০ বছর ধরে আমি মূলত কাজ করেছি কিশোর-তরুণদের নিয়ে। তাদের মন ও বয়সের উপযোগী শ্রেষ্ঠ ও সুন্দর বইগুলো পড়িয়ে এবং একটি সুস্মিত সাংস্কৃতিক জীবনের ভেতর লালন করে তাদের মধ্যে বড় জীবনের শক্তি ও স্বপ্ন জাগিয়ে তোলার চেষ্টা করেছি।

আলতাফ: যখন বিশ্বসাহিত্য কেন্দ্রের কাজ শুরু করেন, এর আগে থেকেই আপনি টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক। আর সেই সঙ্গে বিখ্যাত কণ্ঠস্বর পত্রিকার সফল সম্পাদকও। এই সাফল্যে ভরা জীবন ছেড়ে নতুন কোন প্রেরণা থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের কাজ শুরু করেছিলেন?

সায়ীদ: একটা ঘটনা আমাকে খুব বেশিমাত্রায় আলোড়িত করেছিল। ষাট ও সত্তর দশকের সাহিত্য আন্দোলন শেষ হওয়ার পর আমার মনে হয়েছিল যে ত্রিশের দশকে কলকাতায় যে তরুণ লেখকেরা সাহিত্য আন্দোলন করেছিলেন, দু-তিনজন বাদে তাঁদের আর আমাদের লেখকদের প্রতিভার মান ছিল প্রায় কাছাকাছি। তবু আমরা তাঁদের সমান সক্ষমতা অর্জন করতে পারিনি। জীবনবোধ, গভীরতা, দার্শনিকতা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি—এসব জায়গায় আমরা তাঁদের থেকে পিছিয়ে পড়েছিলাম। আমি এর কারণ অনুসন্ধান করতে গিয়ে টের পেলাম, ষাটের দশকের আমাদের আন্দোলন যেখানে ছিল শুধু বাংলা সাহিত্যের পটভূমি থেকে জেগে ওঠা, সেখানে ত্রিশের দশকের কলকাতাকেন্দ্রিক সাহিত্য আন্দোলন ছিল বিশ্বসাহিত্যের পটভূমি থেকে জাগ্রত। তখন মনে হয়েছিল, তাঁদের উচ্চতর জ্ঞানের ভিত্তিই তাঁদের আমাদের ওপরে নিয়ে গেছে। স্বাধীনতার পরও আমার মনে হতে লাগল, জ্ঞানের দিক থেকে আমরা যেন ক্রমাগতভাবে আরও অতলে তলিয়ে যাচ্ছি। তখন মনে হলো, আমাদের জাতির জ্ঞান চাই। আমি নিজে সাহিত্যের মানুষ। সংগত কারণেই ভেবেছিলাম, সাহিত্যকে সম্পন্ন করে তুলতে পারলেই আমার দায়িত্ব শেষ হবে। পরে বুঝতে পেরেছি, এ একেবারেই সত্য নয়। শুধু সাহিত্য নয়, একটা জাতির জীবনের কোনো ক্ষেত্রকে জ্ঞানের জায়গায় নিঃস্ব রেখে সত্যিকার জাতীয় উন্নতি সম্ভব নয়। এমন ভাবনা থেকেই আমরা কেন্দ্রের আলোকায়ন চর্চায় সমস্ত জ্ঞানকে একীভূত করার উদ্যোগ নিই।












আলতাফ: প্রায়ই আপনি বলেন,‘মানুষ তার স্বপ্নের সমান বড়’—ছোট্ট একটি পাঠচক্র থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বৃহত্তর প্রেক্ষাপটে উত্তরণের পর্বে পর্বে আপনার স্বপ্নগুলো কেমন ছিল?
সায়ীদ: অনেকে স্বপ্নকে একটা অবাস্তব আলীক ব্যাপার বলে মনে করে। আসলে তা নয়। এ একটা ভারি বাস্তব জিনিস। স্বপ্নের আসল মানে হচ্ছে গন্তব্য। আমি কোথায় যেতে যাই, সেটাই আমার স্বপ্ন। আরও যদি বিশদ করে বলি, তবে বলব, কোনো স্বপ্ন পূরণের জন্য আমরা যে কাজ করি, যে স্বেদ-শ্রম দিই, তা–ই আমাদের স্বপ্ন। পাঠচক্রটি ছিল আমার পরীক্ষা-নিরীক্ষার সময়। এখানে সাফল্য আসার পর মনে হলো, এবার আরও বৃহত্তর পরিমণ্ডলে কাজ করা যায়। এই ধারণা থেকে পাঠচক্রের কার্যক্রম আরও বড় করার সিদ্ধান্ত নিলাম। ১৯৮৩ সালের দিকে আমরা প্রায় সাড়ে তিন হাজার স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে একটা ছোটখাটো পরীক্ষা করলাম। আমার মনে তখন সারা দেশে কেন্দ্রের কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। অনেকে সে সময় আমার এভাবে কর্মসূচি বড় করে তোলার উদ্যোগের সমালোচনা করেছে। বলেছে, এত বড় পরিসরে না করে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে ছোট পরিসরেই এসব কাজ করা ভালো।
আমি একটা উপমা দিয়ে তাদের সমালোচনার জবাব দিয়েছি। বলেছি, একটা এভারেস্ট শৃঙ্গ দাঁড় করিয়ে রাখতে দুই হাজার মাইলের হিমালয় পর্বতমালা দরকার। সারা দেশে এই কর্মসূচির ভিত্তি শক্তভাবে গড়ে না তুললে এর শীর্ষকে অর্থপূর্ণ করা যাবে না।


আলতাফ: বিশ্বসাহিত্য কেন্দ্র এবং আপনার সাফল্যের গল্প তো সবার জানা। তবে এই সফলতার আলোকময় দৃশ্যের বিপরীতে ৪০ বছরের পথচলায় ব্যর্থতা ও কষ্টের গল্পও নিশ্চয়ই আছে। সেসব গল্পের দু-একটি কি বলা যাবে?
সায়ীদ: ব্যর্থতার কত যে গল্প আছে, বলে শেষ করা যাবে না। প্রথম দিকে যত স্কুলে বইপড়া কর্মসূচি চালু করতে গেছি, তার ৮০ ভাগেই ব্যর্থ হয়েছি। কখনো হয়তো কোনো হেডমাস্টারকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখা ঠিক নয়, তাদের সুন্দর সুন্দর কল্পনাসমৃদ্ধ বই পড়তে দেওয়াও উচিত। তাঁকে উপমা দিয়ে বলেছি, এই যে আমাদের এই পৃথিবী—এ শক্ত মাটির হলেও এর ওপরে আছে এক বিশাল ফাঁকা আকাশ। আকাশটাকে মাটি দিয়ে ভরে দিলে আমাদের তো নিশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের জীবনের মধ্যেও অমনি একটা বড় ফাঁকা জায়গা দরকার। না হলে আমাদের সত্যিকার বিকাশ হবে না। কথা বলার সময় মনে হতো তিনি সব বুঝছেন, মাথা ঝুঁকিয়ে প্রতিটি কথায় সায় দিচ্ছেন। কিন্তু সব শোনার পর বলতেন, ‘এই সব বই পইড়া পড়া নষ্ট।’ হায় রে কপাল!
এভাবে কত স্কুল থেকে যে ফিরে এসেছি, তার ঠিক নেই। পরে অবশ্য সরকারের সহযোগিতায় তাদের অন্য কৌশলে বশে এনেছি।
আর কষ্ট-দুঃখ-দুর্ভোগের গল্প জানতে চাও? আমি একটানা ১০ বছর সারা দেশের ওপর দিয়ে ছুটে বেড়িয়েছি। এর পরের পাঁচ বছরে এর গতি কমে এসেছে। কত যে স্কুল–কলেজে গিয়েছি, ছাত্রদের উদ্দেশে বক্তৃতা করেছি, শিক্ষকদের বুঝিয়েছি, তার সীমা-সংখ্যা নেই। আর্থিক দিক থেকে কেন্দ্রের তখন ভারি দুর্দিন। শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে ছুটতাম গাড়িতে করে। কেন্দ্রের গাড়ি। সবই সেকেন্ডহ্যান্ড। কখন থেমে যাবে তার ঠিকঠিকানা নেই। গাড়ি চালাতাম নিজেই। ড্রাইভার রাখতে বছরে যে টাকা লাগবে, তা দিয়ে দুই হাজার ছাত্রছাত্রীকে বইপড়া কর্মসূচিতে এনে উৎকর্ষের ব্যবস্থা করা যায়। ড্রাইভারকে বেতন দিতে গিয়ে এতগুলো ছেলেমেয়েকে বিকশিত জীবনের সুযোগ থেকে বঞ্চিত করতে মন সায় দিত না। রাস্তাঘাটে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হওয়ার ভয়ে সব সময় সঙ্গে পাকা কলা, পাউরুটি আর সেদ্ধ ডিম রাখতাম। দিনকে দিন এসব খেয়েই কাটিয়ে দিয়েছি।
এমন দুঃখের সময়েও যে মাঝেমধ্যে অনেক মজার ঘটনা ঘটত না, তা নয়। কেন্দ্রের কাজে একবার ঝিনাইদহে যাচ্ছিলাম। প্রচণ্ড শীতের রাত। রাত তিনটার দিকে ঝিনাইদহে গিয়ে নামলাম। বাস থেকে নামার আগে এক সদাশয় ভদ্রলোক বললেন, সাবধানে নামবেন। এলাকাটায় ডাকাত কিন্তু গিজগিজ করে। গাড়ি থেকে নেমে সামনে যে হোটেল পাবেন, সোজা তাতে ঢুকে পড়বেন। ভাগ্য ভালো, বাস থেকে নামতেই সামনে একটা ছোট্ট দোতলা জরাজীর্ণ হোটেল পেলাম। প্রায় দৌড়ে তার ভেতর ঢুকে পড়লাম। কিন্তু ঢুকে দেখলাম, ভাগ্য খারাপ। হোটেলের কোনো রুম ফাঁকা নেই। কিন্তু শীতের রাতে আমাদের কষ্ট দেখে হোটেলের লোকজনের মায়া হলো। তারা জানাল, তাদের একটা ঘরে গোটা কয়েক ছাগল আছে। আমাদের সমস্যা না থাকলে ওই ছাগলদের সঙ্গে রাতটা কাটাতে পারি। ঘরে ঢুকে দেখি, ছোট্ট ঘর, তাতে গোটা পঞ্চাশেক ছাগল। জিজ্ঞেস করলাম, এত গাদাগাদি করা ছাগল, আমরা থাকব কোথায়? শুনে লোকজন এমন ভাব করল, যার অর্থ: ইচ্ছা করলে থাকতে পারেন, ইচ্ছা না করলে...। শেষে ওই ছাগলদের কিছুটা ঠেলে সরিয়ে ঘরের এক কোণে বসে বাকি কয়েক ঘণ্টা ছাগলদের ডাকাডাকি, গায়ের আর প্রস্রাবের গন্ধ আর প্রাকৃতিক ক্রিয়াকর্মের মাঝখানে শেষ রাতটুকু কাটিয়ে দিলাম। এ রকম কত বিপদ যে পার করেছি এই ৪০ বছরে, গাড়ি দুর্ঘটনা হয়েছে দুবার। মেঘনা নদীতে ঝড়ের মধ্যে পড়ে প্রাণ হারানোর জো হয়েছে বার কয়েক।


আলতাফ: ৪০ বছরে বহুগুণে বেড়েছে কেন্দ্রের শাখা-প্রশাখা ও পরিসর। এই প্রতিষ্ঠানের সামনের দিনগুলো নিয়ে আপনার পরিকল্পনা কী? আপনার অনুপস্থিতিতে কীভাবে চলবে বিশ্বসাহিত্য কেন্দ্র?
সায়ীদ: ভেতরে–ভেতরে আমরা একটা পরিচালনাকাঠামো তৈরি করেছি। এখন চেষ্টা করছি তাকে এমন একটা পরিশীলনের মধ্যে আনতে, যাতে আমি না থাকলেও কেন্দ্র তার নিজস্ব গতিতেই এগোতে পারে। এখন এটাই আমার মূল চেষ্টা। মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞেস করে, আপনার পরে কেন্দ্র চালাবে কে? আমি হেসে উত্তর দিই, কেন, সবাই মিলে চালাবে। গোটা দেশ মিলে চালাবে। শুনে তারা মুখ টিপে হাসে। বিশ্বসাহিত্য কেন্দ্র আমি তো একা বানাইনি। কত মানুষের শ্রম, কাজ, অবদান, ভালোবাসা জড়িয়ে আছে এর সঙ্গে। তাদের কাজকে তো আমি মিথ্যা বানাতে পারব না। আমরা বিদেশি টাকা দিয়ে এ প্রতিষ্ঠান গড়ে তুলিনি। আমাদের দেশে এ ধরনের অলাভজনক প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে পরিচালনা করা সোজা নয়। তবু আমরা যখন এত দূর পথ পাড়ি দিতেই পেরেছি, আমি আশা করি, আগামী ৪০ বছরও কেন্দ্র সমানতালে চলবে। মানুষকে আলোকিত করার এ সংগ্রাম শুধু আমাদের নয়, সারা জাতিকেই করতে হবে, যদি একটা সমৃদ্ধ মাতৃভূমি আমরা চাই।

Thursday, February 7, 2019

চিরিরবন্দরে জমির বিরোধে এক জনকে কুপিয়ে হত্যা, গুরুতর জখম- ৪

চিরিরবন্দরে জমির বিরোধে এক জনকে কুপিয়ে হত্যা, গুরুতর জখম- ৪

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় জমির বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানীযুগী গ্রামের রহিমশাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী (৫০) হলেন বানীযুগী রহিম শাহ পাড়ার মৃত ধনিবুল্ল্যার ছেলে। গুরুত্বর আহত হন শ্যালক একই এলাকায় আব্দুল খালেক।
আজ বৃহস্পতিবার সকালে চিরিরবন্দর থানার (ওসি) মো হারেসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সুত্র যানা যায়, দীর্ঘদিন যাবত ধনীবুল্লা শাহ এর ছেলে আব্দুল গনি ও আব্দুল বারীর মধ্যে জমিজমা নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলিয়া আসতেছিলো এবং রায় না হওয়া পর্যন্ত উচ্চ আদালত থেকে প্রায় ৬.০০ একর জমির উপরে ১৪৪ ধারা জারি করা ছিলো। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে গত ৫ ই ফেব্রুয়ারী আব্দুল গনি ও তার ছয় ছেলে এবং চার মেয়ে ওদুত (৪৫) আব্দুল কুদ্দুস (৪২) সালাম(৩৫) কালাম (২৬) মতিউর (২২) ফাতেমা (২০) নুর বেগম (১৯) তহমিনা (১৮) বুলবুলি(১৭) জোর পূর্বক জমিতে হাল চাষ করতে গেলে আব্দুল গনির ছোট ভাই আব্দুল বারী তার বড় ভাইকে আদালতের রায় নিয়ে জমিতে আসতে বাধা প্রদান করতে গেলে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুল গনির হুকুমে তার তার ছেলেরা আব্দুল বারী ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ ই ফ্রেব্রুয়ারী সকাল সাড়ে আট ঘটিকায় তার মৃত্যু হয়। একই দিনে অপরদিকে আব্দুল খালেকের বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। আক্তার বানুকে দা দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে আহত করে। আহতরা দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের স্বজনদের আহজারীতে বাতাস ভারী হয়ে উঠে। এ ঘটনার পর শত শত মানুষ ছুটে আসে হাসপাতালে। ভাইদের মধ্যে জমির জের ধরে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিলে বলে স্থানীয়রা জানান।
লাশ ময়নাতদন্তর জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে যাহার মামলা নং-৩/১৯।
চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম এর নেতৃত্বে আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Thursday, October 4, 2018

“ বিদ্যুতের আলো না পৌঁছালেও, জ্ঞানের আলো জ্বালিয়ে যাচ্ছে একটি গণগ্রন্থাগার ”

চিরিরবন্দরের একটি প্রত্যন্ত গ্রাম নানিয়াটিকর, কাউগা। এখন পর্যন্ত এলাকার মানুষ বৈদ্যুতিক আলোর ছোঁয়া না পেলেও জ্ঞানের আভায় নিজেদের উদ্ভাসিত করছে। ছোট্ট একটি গ্রামের বাতিঘর হলেন শ্রদ্ধেয় দিজেন্দ্রনাথ ব্যানার্জি। অনেক গুণে গুনান্বিত এই মানুষটি পিতার নামে রাজশাহীতে ১৯৮৭ সালে প্রতিষ্টা করেছিলেন এই পাঠাগারটি। কিন্তু এলাকার মানুষগুলোর প্রতি ভালবাসার তাগিদে গ্রামে নিয়ে আসলেন এটিকে, যাতে নতুন প্রজন্ম গ্রন্থাগার নামে যে জ্ঞানের ঘর আছে তা ভুলে না যায়।

চিরিরবন্দরের এই বিদ্বান ব্যক্তি সম্পর্কে সবকিছুই অজানা। আজ শুধু দেখে আসবো শিক্ষক দিজেন্দ্রনাথ ব্যানার্জির কর্ম, জ্ঞানের আলোর ঘর, শশীমোহন ব্যানার্জি স্মৃতি গ্রন্থাগার সম্পর্কে।

বাংলাদেশের শরৎ এর সময়কাল সবচেয়ে সবুজ। হয়তো রবি ঠাকুর বাংলার এই রুপ দেখেই রচনা করেছিলেন আমাদের জাতীয় সংগীতটি। তেমনি চারিদিকে সবুজের মোড়া, বড় গাছগুলোয় টোপরে সাজিয়ে রয়েছে নানিয়াটিকর গ্রাম।

চিরিরবন্দর থেকে প্রায় ১৬ কিমি দূরে, যায় অধিকাংশ রাস্তাই ওখনো কাঁচা, বৈদ্যুতিক লাইনের খুঁটিগুলো দাড়িয়েছে কিন্তু এখনো বিদ্যুৎ এসে পৌছায়নি।

কড়া রোদ আর শীতল বাতাস গায়ে মেখে গ্রামে ঢুকতেই অল্প বয়সী বধুর সাথে দেখা হতেই, গ্রন্থাগারের ঠিকানা জিজ্ঞেস করলে, অত্যন্ত সাবলীভাবে, শুদ্ধ উচ্চারণে উত্তর দেয়ায় শুধু ধন্যবাদ দিয়ে যেতে ইচ্ছে হল না। প্রায় ৩ মিনিটের কথায় শুরুতেই এতটুকু বুঝলাম আরো কিছু চমক অপেক্ষা করছে। জানালেন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ওনার জেঠো শ্বশুর।

দুর্ভাগ্যবশত, সেদিন লাইব্রেরিয়ান ছিলেন না। তাতে কি, ভিতর থেকে বের হয়ে এসে অত্যন্ত সমাদরের সাথে আমাদের স্বাগত জানালেন স্যারের দৌহিত্রা।  ভিতরে ঢুকতেই প্রশান্তি ফিরে পেলাম। ছায়া ঘেরা, পুকুর পাড়ে পাকা ঘরে সগৌরবে দাঁড়িয়ে আছে গ্রন্থাগারটি।

আরও আনন্দের বিষয় আমাদের স্যাকের সদস্য Sweety এই গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ছিল।

অনেক পূরাণ বইয়ের সাথে রয়েছে নতুন নতুন অনকে মুল্যবান বই। যা দেখে প্রাণ জুড়িয়ে যায়। সেখানে গিয়েই আরও জানতে পারলাম, দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী তার মায়ের নামে আরও একটি গ্রন্থাগার খুলেছেন কাছারিদিঘি বাজারে।এখানে বসার ইচ্ছে থাকলেও নতুন লাইব্রেরী দেখার লোভে ছুটে গেলাম সেখানে। গুটি গুটি পায়ে সমৃদ্ধ হচ্ছে এটি। 

এলাকার মানুষজনের আতিথিয়তায় মুগ্ধ।  পড়ন্ত বিকেলে সোনালী রোদের অবগাহনে, বিস্তীর্ণ সবুজ মাঠ পেরিয়ে, আধা-পাকা রাস্তা ধরে ফিরে এলাম।

সারাটি পথে সঙ্গী ছিলেন প্রিয় দাদা Dhononjoy Roy

বার বার ফিরে যেতে চাই, এমন আলোর সন্ধানে




Friday, October 13, 2017

নিভৃতে আলো জ্বালিয়ে চলেছে চিরিরবন্দরের আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

"নিভৃতে আলো জ্বালিয়ে চলেছে চিরিরবন্দরের আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ"



মাহাফুজুল ইসলাম আসাদ

উত্তরাঞ্চলের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমেনা বাকি রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ।প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত হলেও মাত্র ১৬ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি মানসম্মত ও কাঙ্খিত শিক্ষা বিস্তারে উত্তরাঞ্চলসহ সারা দেশে সাড়া জাগিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ।

দিনাজপুর-পার্বতীপুর সড়ক দিয়ে ১৪ কিলোমিটার গেলে পাওয়া যাবে চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী মোড়। রাস্তার দক্ষিণ পাশে চোখে পড়বে পাকা প্রাচীর ঘেরা আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ক্যাম্পাস। স্কুলে টুকতেই দেখা যায় প্রধান ফটক সংলগ্ন চারতলা বিশিষ্ট মেয়েদের হোস্টেল। নিচে আমেনা-বাকী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়।

২০০১ সালের ৫ জুলাই স্কুলটি আনুষ্ঠানিভাবে ডা: আমজাদ হোসেনের ক্রয় করা এক একর জমির উপরে যাত্রা শুরু করে । প্রথমে চালু হয় নার্সারি থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত । পরের বছর ষষ্ঠ শ্রেণী এবং ২০০৪ সালে অষ্টম শ্রেণী চালু করা হয় । ২০০৯ সালে চালু হয় এসএসসি। ঐ বছর থেকে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর জেলায় প্রথম ও দিনাজপুর বোর্ডে টানা তিনবার এসএসসি ফলাফলে শ্রেষ্ট তৃতীয় স্থান দখল করে।


স্কুলটি ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় ৭৯ জন অংশগ্রহণ করে এবং সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় । ২০১৫ সালে ৮৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ পরীক্ষার্থী, ২০১৬ সালে ১০৯ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন, আর এ বছর ১৩২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন । ২০১৪ সালে এই স্কুলটিতে একাদশ শ্রেনী খোলা হয় । নামকরণ করা হয় আমেনা বাকি স্কুল এন্ড কলেজ । ২০১৬ সালে এখান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৫২ জন । এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন । চলতি বছর ৩৭ জনের মধ্যে ৩২ শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ।

বর্তমানে স্কুলের জমির পরিমাণ আট একর। প্লে থেকে শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৭ জন। ১৮ জন নারীসহ শিক্ষক সংখ্যা ৭৬ জন। প্রতিষ্ঠানটিতে আবাসিক সুযোগ দিতে ছাত্রীদের জন্য ৩ টি ছাত্রদের জন্য ১ টি হোস্টেল নির্মাণ করা হয় । বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৪৫ জন ছাত্র ও ৪২০ জন ছাত্রী আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করছে। ছাত্রীদের জন্য চারজন নারী শিক্ষক ছাড়াও একজন আয়া সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ছাত্রদের তদারকির জন্য রয়েছে ১৫ জন শিক্ষক। স্কুলের ভিতরে পড়ালেখা থেকে শুরু করে থাকা খাওয়া, খেলাধূলার সবকিছুই নিয়ম অনুযায়ি হয়। নিয়ম ভঙ্গ করার কোনো সুযোগ নেই। শিক্ষক, শিক্ষার্থী, আয়া, কুক, দারোয়ান কারোরই নিয়মের বাইরে যাওয়ার উপায় নেই।’ জানালেন আবাসিক হোস্টেলে থাকা নবম শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তার।


স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান স্কুলের মূলফটক থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীদের আবাসিক এলাকাসহ পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখালেন। ছায়াঘেরা ক্যাম্পাসের সামনে দুই সারি গাছের মাঝখান দিয়ে ছোট পথ দিয়ে হাটা শুরু করে পাশেই প্রশস্ত মাঠে রয়েছে শিশুদের বিনোদনের জন্য দোলনা, স্প্রি-পার, ঢেঁকি ছাড়াও সুন্দর বসার স্থান। তার পরেই পশ্চিমে রয়েছে দৃষ্টিনন্দন বড় ক্যাম্পাস। রয়েছে গাছের ছায়ার নিচে ইটের দেয়াল ঘেরা টিনের ছাউনি দিয়ে পাঁচটি বড় ভবন। ক্যাম্পাসের দক্ষিণ দিকে বড় ফুটবল মাঠ। মাঠের পশ্চিমে লিচুবাগান । তার সাথে আরও দুটি খেলার মাঠ। মাঠের পূর্ব দিকে ছয় তলাবিশিষ্ট ছেলেদের আবাসিক হোস্টেল।


দক্ষিণ প্রান্তে শিক্ষকদের আবাস। পূর্ব দিকের ভবনে স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের বসার কক্ষ ছাড়াও আছে প্রশিক্ষণ কক্ষ, কম্পিউটার ল্যাব এবং দক্ষিণে বিজ্ঞানাগার, গ্রন্থাগার এবং স্কুল মিলনায়তন। এর পাশেই ছেলে ও মেয়েদের পৃথক খাবারের ঘর। তার পাশেই আটটি এবং উত্তর দিকের ভবনে পাঁচটি শ্রেণীকক্ষ ছাড়াও শিশুদের জন্য রয়েছে একটি বিনোদনকক্ষ। এছাড়াও ধর্ম পালনের জন্য হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক নামাজ পড়ার স্থান।


স্কুলের নিয়মাবলীতে বেষ্টিত থাকে সকল আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী । ভোর পৌনে পাঁচটায় আবাসিক শিক্ষার্থীদের ঘুম থেকে ওঠা বাধ্যতামূলক। এরপর নামাজ, প্রার্থনা ও শারীরিক ব্যায়াম শেষে সকালের নাশতা পায়েস, নুডলস, চিড়ার বিরিয়ানি, চা-টোস্ট, সেমাই মুড়ি রুটি-দুধসহ নানা খাবার। নাশতা শেষে শ্রেণীকক্ষে লেখাপড়া শেষে সকাল আটটায় ফিরতে হয় হোস্টেলে। পুনরায় ডাইনিংয়ে ভাত খাওয়া। সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুলে কোচিং ক্লাস। ক্লাস শেষে হোস্টেলে ফিরে আবার পৌনে ১১টায় অ্যাসেম্বলিতে যোগ দেওয়া। বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত ক্লাস। দুইটার মধ্যে খেয়ে নিতে হয় দুপুরের খাবার। বিকেল চারটায় স্কুল ছুটির পর শিক্ষার্থীরা কেউ মাঠে খেলে, কেউ কম্পিউটার ল্যাবে, কেউবা নাচ-গান, আবৃত্তিতে অংশ নেয়। সন্ধায় পড়াশুনা শেষে রাত সাড়ে ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের ঘুমাতে যাওয়া বাধ্যতামূলক।


এই স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি ফি ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বেতন সাড়ে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে। হোস্টেলে থাকার জন্য রয়েছে আলাদা খরচ।
শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো করছে না । সহশিক্ষা কার্যক্রমেও আছে এখানকার শিক্ষার্থীদের কৃতিত্ব । প্রতি বছর বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয় এখানকার শিক্ষার্থীরা । ২০১৬ সালে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় দৈনন্দিন বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মোকলেছুর রহমান দেশ সেরা নির্বাচিত হয় ।

ডা: আমজাদ হোসেন তার মা আমেনা খাতুন ও বাবা প্রয়াত বাকী মন্ডলের নাম অনুসারে প্রতিষ্ঠা করেন ‘এ বি ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের উদ্যোগেই তিনি প্রতিষ্ঠা করেন আমেনা বাকি রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । ডা: আমজাদ হোসেন ১৯৭১ সালে দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশায় তিনি একজন অর্থোপেডিক সার্জন ।

দেশের ভবিষ্যত নাগরিকদের সুশিক্ষায় শিক্ষিত করতেই তিনি পিতা-মাতার নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন । তার সেই স্বপ্ন বাস্তবে রুপ নেওয়ায় তিনি এখন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন ।

Thursday, September 14, 2017

"২০১৯ নির্বাচন" কে ধরবেন চিরিরবন্দর - খানসামার হাল?



১৪ সেপ্টেম্বর, ২০১৭


আ. লীগ-বিএনপির পুরনোরাই মনোনয়ন দৌড়ে এগিয়ে

উত্তর জনপদের সীমান্তঘেঁষা উপজেলা চিরিরবন্দর-খানসামা নিয়ে দিনাজপুর-৪ আসন। আগামী সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। কারণ যাঁরা মনোনয়ন পাওয়ার আশা করছেন এলাকায় তাঁদের যাতায়াত বেড়েছে। তৃণমূল নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ছবি দিয়ে পোস্টার ও ব্যানার করে এলাকায় এলাকায় লাগানো, জ্যেষ্ঠ নেতাদের আনুকূল্য লাভের চেষ্টা—সম্ভাব্য প্রার্থীদের এসব তত্পরতা চোখে পড়ছে।
জাতীয় সংসদের ৯ নম্বর আসনটিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাঁর বাড়ি খানসামায়। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারি বা জাতীয় অনুষ্ঠানে এলাকায় আসেন। ব্যস্ততার কারণে তাঁর এলাকায় যাতায়াত কম বলে দলে এ নিয়ে আলোচনা-সমালোচনা আছে। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আছেন সংসদে আওয়ামী লীগের সাবেক হুইপ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানু। তাঁরা ছাড়াও আছেন নতুন মুখ চিকিত্সক আমজাদ হোসেন।
অন্যদিকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও হাফিজুর রহমান হাফিজ আছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকার শীর্ষে। বিএনপি জোটের মনোনয়নের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন জামায়াত নেতা মো. আফতাব উদ্দিন মোল্লা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা আশরাফ আলী খান।
অবশ্য জাতীয় পার্টির কারো নাম এখনো আলোচনায় আসেনি।
উল্লেখ্য, চিরিরবন্দর ও খানসামা উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ এলাকাই একসময় জামায়াত-বিএনপির দুর্গ ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে রংপুরের মিঠাপুকুর উপজেলার পরেই জামায়াতের ঘাঁটি ছিল চিরিরবন্দর-খানসামা। জামায়াত-শিবির চিরিরবন্দর-খানসামাকে সন্ত্রাস আর তাণ্ডবের রাজত্বে পরিণত করেছিল। ওই সময় পুলিশের গুলিতে জামায়াতের এক নেতার মৃত্যুর ঘটনাও ঘটে চিরিরবন্দরে। ২০১৫ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চিরিরবন্দরে জামায়াতের আমির মো. আফতাব উদ্দিন মোল্লা বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আবার মনোনয়ন প্রত্যাশা করছেন। তাঁর পক্ষে নেতাকর্মীরা নিয়মিত দলীয় কর্মসূচি ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এলাকায় ব্যাপক উন্নয়ন করায় সাধারণ জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা তাঁর প্রতি বেশ দুর্বল। তিনি মনোনয়ন পেলে দল আবার জিতবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কয়েকজন।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম লায়ন চৌধুরীসহ নেতাকর্মীরা নিজ নিজ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে কাজ শুরু করেছে।
অন্যদিকে সাবেক হুইপ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানু নির্বাচন করার আশায় মাঠে আছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিতর্কের জন্ম দেন এ নেতা। ওই নির্বাচনে মাত্র সাড়ে চার হাজার ভোট পান তিনি। জয়লাভ করেন নৌকা প্রতীকের আবুল হাসান মাহমুদ আলী। সংস্কারপন্থী হিসেবে সে সময় দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে নেতাকর্মীরা মানুর প্রতি ক্ষুব্ধ ছিল। তবে এসব প্রতিকূলতা কাটিয়ে উঠে তিনি মনোনয়ন পাওয়ার দৌড়ে শামিল হয়েছেন।
জানতে চাইলে মিজানুর রহমান মানু কালের কণ্ঠকে বলেন, ‘বর্তমান এমপি তো এলাকায় যান না। তিনি কোনো নেতাকর্মীকেও তেমনভাবে চেনেন না। চিরিরবন্দর-খানসামার মানুষের হূদয়ে আমার নাম আছে। আগামী নির্বাচনে নৌকার মাঝি বদল না করলে বিজয় সম্ভব নয়। কারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। যতটুকু পারি সাহায্য-সহযোগিতা করি। তাই আগামী দিনে নৌকার মাঝি হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। ’
চিরিরবন্দরে নামি শিক্ষাপ্রতিষ্ঠান আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনও আওয়ামী লীগের মনোনয়ন পেতে তদবির শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন তিনি।
মনোনয়ন চাওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. এম আমজাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি-আদর্শ বুকে লালন করি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলাম। এত দিন এলাকার মানুষ প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করছিল। তাদের প্রত্যাশা পূরণের জন্য প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইব। যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাই তাহলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেষ্টা থাকবে সবার আগে। বিগত দিনে এখানে যারাই ক্ষমতায় ছিল তারাই আমাকে হেয় করার চেষ্টা করেছে। এখন সাধারণ মানুষের দাবি, আমি প্রার্থী হলে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হব। এ কারণে জনগণের সঙ্গে আছি। ’ মনোনয়ন না পেলেও তাদের সঙ্গে থাকবেন বলে জানান তিনি।
অন্যদিকে ২০০১ সালে নির্বাচিত বিএনপি-জামায়াত জোটের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া আছেন দলটির সম্ভাব্য প্রার্থীর তালিকায়। বিএনপির এ নেতাও ২০০৬ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করেন। দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গ না ছেড়ে তাঁকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় ২০০৮ সালে দল তাঁকে পুনরায় মনোনয়ন দেয়।
আবারও মনোনয়ন পাওয়ার আশায় আখতারুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় মতবিনিময় করে যাচ্ছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন সভা-সমাবেশ করছেন তিনি।
আখতারুজ্জামান মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘দল বিবেচনা করলে প্রার্থী হব। এখন দলের নীতিনির্ধারকরা যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে কী করার আছে। তবে আশা করছি আমি মনোনয়ন পাব। ’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দলন-নিপীড়ন সহ্য করে সাধারণ নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি। তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে তাদের পাশে থাকি। এখন হঠাত্ করে অন্য কেউ এসে যদি মনোনয়ন প্রত্যাশা করে তাহলে তা হবে দলের জন্য ক্ষতি। কারণ অনেকেই আছে লোক নিয়োগ করে নিজেদের পক্ষে প্রচার চালাবে। দল ও মানুষের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নেই। ’
শিল্পপতি মো. হাফিজুর রহমান ২০০৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। আগামী নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
এদিকে জামায়াত প্রকাশ্যে রাজনীতিতে নামতে না পারলেও তাদের প্রথম সারির কয়েকজন নেতা জানান, জোটের কাছে তাদের গ্রহণযোগ্যতা মোটেও কমেনি। বরং বেড়েছে। চিরিরবন্দরে ভোটের বৈতরণী পার হতে হলে তাদেরকে প্রয়োজন আছে বিএনপির। ২০১৪ সালের আগে-পরে হামলা-মামলার ধকল তাদের ওপর দিয়ে গেছে। এ জন্য চিরিরবন্দর উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান জামায়াতের সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা প্রার্থী হিসেবে গোপনে প্রচার চালাচ্ছেন।
আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘জামায়াতের রাজনীতির সঙ্গে থাকলেও আমি একজন বীরমুক্তিযোদ্ধা। এখন দেশ-জাতির প্রয়োজনে কেন্দ্রীয় ২০ দলীয় জোটের সিদ্ধান্ত হলে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। ’ তবে একটি বিশ্বস্ত সূত্র জানায়, প্রতীক বড় নয়। কর্মী-সমর্থকদের ধরে রাখতে যেকোনো প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকতে প্রস্তুত আছে জামায়াত।
এ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাগপার কেন্দ্রীয় নেতা মো. আশরাফ আলী খান মনোনয়ন পাবেন বলে আশায় আছেন। তিনি জাগপার একক সম্ভাব্য প্রার্থী এবং আগামী সংসদ নির্বাচনের নতুন মুখ হিসেবে জনসমর্থন তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। এলাকায় এলাকায় গণসংযোগও করছেন তিনি।


মন্তব্য